জৈন্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:১৩,অপরাহ্ন ১১ আগস্ট ২০২১ | সংবাদটি ৪৫৭ বার পঠিতসিলেটের জৈন্তাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ চোরাকারবারি সন্দেহে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারস্থ বরকতউল্লাহ মঞ্জিল কলোনির ভিতর জামিল উদ্দিন এর গোডাউনের ভিতরে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ১৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় ও ২ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারস্থ বরকতউল্লাহ মঞ্জিল কলোনির ভিতর জামিল উদ্দিন এর গোডাউনের ভিতরে অভিযান পরিচালনা করে। এসময় গোডাউনের ভিতরে থাকা ৩ লক্ষ ১৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় ও গোডাউনের মালিক জামিল উদ্দিন ও আরেক আসামি আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জামিল উদ্দিন (২৫) জৈন্তাপুর উপজেলার করগ্রামের ফারুক আহমদের ছেলে ও মো. আলিম উদ্দিন (৩২) একই উপজেলার চল্লাই গ্রামের মো. সমছুল হকের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে TheSpecial Power act,1974 এর 25-B এর 1(B) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









