সিলামে আগুনে পুড়লো চারটি পরিবারের বসত ঘর
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:১১,অপরাহ্ন ০৪ মে ২০২৩ | সংবাদটি ১৭৭ বার পঠিত
দক্ষিণ সুরমার সিলাম টিকরপাড়ায় বন্ধের বাড়ি আগুনে পুড়ে চারটি পরিবারের টিনশেড ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়াও ঘরে থাকা প্রায় পনেরো থেকে বিশ কাটা ধানও আগুনে পুড়ে গেছে।
বুধবার (৩ মে) দুপুর দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটে। আগুন লাগার সংবাদ পেয়ে দক্ষিণ সুরমার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই সবগুলো ঘর পুঁড়ে যায়।
জানা যায়, বুধবার দুপুরে মৃত আব্দুল নূর পুত্র হীরা মিয়া ও মাখন মিয়ার পরিবারের পুরুষ সদস্যরা মাঠে ধান কাটতে ব্যস্ত ছিলেন। মহিলারা ঘরের বাইরে পারিবারিক কাজ করছিলেন। হঠাৎ করে দুর থেকে আগুন দেখতে পেয়ে দৌঁড়ে এসে মাঠে ধান কাটার অন্যান্য শ্রমিক সহ এলাকাবাসী নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানোর আগেই ঘরে থাকা প্রায় পনেরো থেকে বিশ কাটা ধানসহ চারটি পরিবারের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নিরা, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর,সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী,সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিক ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়া তাদের ঘর তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ তাঁদের পরিবারের পক্ষ থেকে এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও তিনি আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।









