সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩১:৩৯,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩১ বার পঠিত
সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে খাগড়াছড়ির দীঘিনালায় তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য বলে জানা গেছে। সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
এর আগে সকালে দীঘিনালা উপজেলার দুর্গম বরাদাম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন ভুজেন্দ্র চাকমা (৪৫), রুচিল চাকমা (২৫) ও নবীন জ্যোতি চাকমা (৩২)।
জানা গেছে, দীঘিনালার বরাদাম এলাকায় ৭-৮ জন সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হন। ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যান। এরপর সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন সন্ত্রাসীর মরদেহ, দুটি পিস্তল ও ৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে।









