হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৪৬ পিস মোবাইল ফোন জব্দ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫০:১৭,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩২ বার পঠিত
নিবার সকাল ৮টার সময় ০৭ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইফোন-স্যামসাংসহ ২ হাজার ২৪৬ পিস মোবাইল ফোন জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।বিমানবন্দরের বহিরাঙ্গণের ২ নং ক্যানোপি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। তিনি বলেন, আজ সকাল ৭টায় চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার ফ্লাইট বিএস ৩২৬ যোগে ঢাকায় আসে মো. সুজন (৪৯), শাহরিয়ার হোসেন প্রিন্স (৩৩) এবং রফিকুল ইসলাম (২৭)। সকাল ৮টার সময় বিমানবন্দরের বহিরাঙ্গণের ২ নং ক্যানোপি এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দেয় এবং শুল্ক ফাঁকি দেয়ার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের ব্যাগেজ তল্লাশি করে আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস, টান্সেন্ট গেম, শাওমি ও নোকিয়া ব্র্যান্ডের মোট ২ হাজার ২৪৬ পিস মোবাইল ফোন পাওয়া যায়। জব্দ মোবাইল ফোনের আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, এই মোবাইল ফোন বাংলাদেশ ও ভারতে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। ভারতীয় নাগরিক জনৈক রাজেশের মাধ্যমে একটি অংশ ভারতে পাচার করা হতো।
আটক সুজন দীর্ঘ ২৫ বছর ধরে এই ধরনের চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।









