দুটি সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৫৭,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিত
রোববার রাজশাহীর পবা ও বাগমারা উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক এবং এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
নিহতরা হলেন আনোয়ারুল আক্তার রনি (৩৮) পবা উপজেলার এ কে এম ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আসাদুল ইসলাম (১২)।
এ বিষয়ে নগরীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন রনি। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার মধ্য পুঠিয়াপাড়া এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।
অন্যদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সকালে ঝিকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ভটভটিতে করে উপজেলা সদরে চলমান বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা দেখতে যাচ্ছিল। পথে দানগাছি এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে আসাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত পাঁচজন।
নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি বলেও জানান ওসি।









