সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৫৩,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৭১ বার পঠিত
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শেখ বংশ ও মোল্লা বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সাবেক ইউপি সদস্যের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত পরীক্ষার্থীর নাম রনি হাওলাদার (১৬)। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব বনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনি হাওলাদার স্থানীয় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সকালে বনগ্রাম পূর্বপাড়ায় শেখ বংশ ও মোল্লা বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায় করপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজিজুল শেখ বন্দুক গুলি করলে ঘটনাস্থলেই রনি হাওলাদারের মৃত্যু হয়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








