স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৫:১২,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৬১ বার পঠিতমানসিক ভারসাম্যহীন স্ত্রীর লাঠির আঘাতে দিনমজুর স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকসেদ মল্লিক ওই এলাকার কছিম মল্লিকের ছেলে। তাদের ৩ মেয়ে ও ৩ ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার জানায়, দিনমজুর মোকসেদ মল্লিক কাজ শেষে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এমিলি বেগম (৫০) লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে।
পরে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাতে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে। শনিবার সকালে নিহতের ময়নাতদন্ত সম্পন্নের পর তাকে কচুয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান জানান, নিহতের স্ত্রী এমিলি বেগম বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ অবস্থায় পারিবারিকভাবে তার চিকিৎসা চলছিল।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।









