সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৫৬:০২,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ দোকানের বৈধতা দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।
এ মামলার অন্য আসামিরা হলেন- ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেন আক্তার আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদ।
ডিএসসিসির মালিকানাধীন ওই মার্কেটটির তিনটি ব্লকে নকশাবহির্ভূত ৯১১টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর অভিযান চালায় ডিএসসিসি। এ সময় প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানিরা অভিযোগ করেন, সাবেক মেয়র সাঈদ খোকনের সময় (এক বছর আগে) নকশাবহির্ভূত এসব দোকান বৈধ করতে কয়েক কোটি টাকা দিয়েছেন তারা। দোকানগুলো থেকে ডিএসসিসি এতদিন ভাড়াও নিয়েছে।
তারা আরো অভিযোগ করেন, দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দেলু প্রায় দুই যুগ ধরে ওই তিনটি প্লাজা বা মার্কেট এককভাবে নিয়ন্ত্রণ করেছেন। তার নেতৃত্বেই অবৈধ এসব দোকান তৈরি করা হয়েছিল।
প্রসঙ্গত, দোকান মালিক সভাপতি দেলুই এবার দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে মামলা করলেন।








