জুড়ীতে ভূয়া এসআই গাড়ীসহ আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:০১,অপরাহ্ন ১৬ জুলাই ২০২০ | সংবাদটি ৪৭৪ বার পঠিতএম. এম আতিকুর রহমান :: মৌলভীবাজারের জুড়ীতে ভূয়া এসআই পরিচয় দানকারী বড়লেখার এক যুবককে গাড়ীসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জুড়ী উপজেলার পুর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের স্থানীয় জনতা তাকে আটক করে। আটককৃত ভূয়া এসআই দানকারি ব্যাক্তি বড়লেখা ৪নং ওয়ার্ডের তেলিগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সুহেল মিয়া (২৬)। এ ব্যাপারে থানায় মামলা করে আজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক সুহেল এর বিরুদ্ধে গরু চোরাচালানেরও অভিযোগ রয়েছে। এছাড়া প্রায়ই সে ওই এলাকায় নিজেকে এসআই পরিচয় দিয়ে মানুষকে বিভিন্ন রকম হুমকি দিয়ে টাকা আদায়, ইয়াবাসহ নানান মামলায় ফাঁসানো সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শনও করতো।
সম্প্রতি জুড়ী উপজেলার জামকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে সামছুল ইসলাম (৩২) কে ফোনে এসআই পরিচয়ে সে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। বুধবার পুর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামে প্রতারক সুহেল দীর্ঘ সময় ঘোরাঘুরি করলে এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে তার গাড়ী সহ তাকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। আটকের পর উপস্থিত জনতার কাছে সে ভূয়া এসআই বলে স্বীকার করেছে।
স্থানীয় পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ বলেন, সে মূলত ইয়াবা কারবার ও গরু চোরাচালানের সাথে জড়িত। তবে মাঝে মধ্যে বড়লেখা থানার এসআই পরিচয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা দাবি করতো। এলাকাবাসী তাকে আটক করে ইউনিয়ন অফিসে নিয়ে আসলে আমরা পুলিশ খবর দেই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
জুড়ী থানা পুলিশ সূত্র আটকের সত্যতা নিশ্চিত করে জানায়, তার নামে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।









