যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে : ওবায়দুল কাদের

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৩০,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬১৫ বার পঠিতআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।
রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে রাজশাহী এসেছেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে সব যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা প্রত্যেকেই নজরদারিতে আছেন।’ এ সময় সাংবাদিকরা যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না তা পরে জানা যাবে। তবে তিনি আত্মগোপনে নেই।’ প্রধানমন্ত্রীর নির্দেশে দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। মাদক, জুয়া, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান। প্রথমে ঘর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে এ অভিযান চালানো হবে।









